পশ্চিমবঙ্গের বাঙালি বিশিষ্ট ব্যক্তিরা পেলেন পদ্ম পুরস্কার — পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
পশ্চিমবঙ্গের বাঙালি বিশিষ্ট ব্যক্তিরা পেলেন পদ্ম পুরস্কার — পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গদেশ


পশ্চিমবঙ্গের বাঙালি বিশিষ্ট ব্যক্তিরা পেলেন পদ্ম পুরস্কার — পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
ভারত সরকার ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি বছরে মোট ১৩১ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক। তবে পশ্চিমবঙ্গ থেকে এবছর কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পাননি। রাজ্য থেকে নির্বাচিত সকলেই পদ্মশ্রী শ্রেণির অন্তর্ভুক্ত।
পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন—
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্প),
সরোজ মণ্ডল (চিকিৎসা),
হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর, শিল্প),
জ্যোতিষ দেবনাথ, কুমার বসু, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখার্জি (শিল্প ও সংস্কৃতি),
আশোক কুমার হালধর, মহেন্দ্র নাথ রায়, রবীলাল টুডু, গম্ভীর সিং ইয়োনজোন (সাহিত্য ও শিক্ষা)।
কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পদ্ম পুরস্কার কোনও পদবি নয় এবং এটি প্রাপকের নামের আগে বা পরে ব্যবহার করা যায় না। এই পুরস্কার মূলত জনজীবনে দীর্ঘদিনের নিরলস কাজ, সামাজিক প্রভাব এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি।
এই তালিকা প্রকাশের পর রাজ্যের সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। একাধিক মহলের মতে, শিল্প ও সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ভূমিকার প্রতিফলন ঘটেছে এই তালিকায়। একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রের অবদানকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মার্চ অথবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
