দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ায় তৃণমূল আইনজীবী সেলের বিশাল মিছিল, সামিল প্রার্থী অরূপ রায়
দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ায় তৃণমূল আইনজীবী সেলের বিশাল মিছিল, সামিল প্রার্থী অরূপ রায়
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26


দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ায় তৃণমূল আইনজীবী সেলের বিশাল মিছিল, সামিল প্রার্থী অরূপ রায়
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটতেই দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বেঁধে নামল শাসকদল। বৃহস্পতিবার বিকেলে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে জেলার তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক সুবিশাল ও বর্ণাঢ্য মিছিল আয়োজিত হয়। এই মিছিলে অংশ নিয়ে প্রচারের পারদ চড়ালেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়।
এদিন হাওড়া আদালত চত্বর থেকে এই প্রচার মিছিলটি শুরু হয়। জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি মদন মোহন ব্যানার্জির নেতৃত্বে কয়েকশো সিনিয়র ও জুনিয়র আইনজীবী এই মিছিলে পা মেলান। মিছিলটি হাওড়ার ব্যস্ততম জিটি রোড ধরে এগোতে থাকে এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশন হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে।
মিছিলে উপস্থিত পুরুষ ও মহিলা আইনজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং মাইক ভ্যান নিয়ে শহরজুড়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানান তাঁরা। মিছিলে অরূপ রায়ের উপস্থিতি তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে। প্রার্থীদের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে আইনজীবীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাওড়া জেলায় তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে। প্রথম দফার ভোট চলাকালীনই এই মিছিলের মাধ্যমে তৃণমূল বুঝিয়ে দিল, এক ইঞ্চি জমিও তারা বিনা যুদ্ধে ছাড়তে নারাজ।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
