নৃত্যের তালে তালে অভিনব প্রচার! মধ্য হাওড়ায় অরূপ রায়ের সমর্থনে নজরকাড়া প্রচার কর্মসূচি
নৃত্যের তালে তালে অভিনব প্রচার! মধ্য হাওড়ায় অরূপ রায়ের সমর্থনে নজরকাড়া প্রচার কর্মসূচি
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26


নৃত্যের তালে তালে অভিনব প্রচার! মধ্য হাওড়ায় অরূপ রায়ের সমর্থনে নজরকাড়া প্রচার কর্মসূচি
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই শাসক ও বিরোধী—উভয় শিবিরের নেতা-কর্মীরাই ভোটারদের মন জয়ে ব্যস্ত। তবে গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়ের সমর্থনে এক অভিনব প্রচার কৌশল নজর কাড়ল সাধারণ মানুষের।
কড়া রুটিনে জনসংযোগ
মধ্য হাওড়া কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ রায় প্রতিদিন সকাল ও বিকেলে ঘড়ি ধরে প্রচারের কাজ চালাচ্ছেন। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু হচ্ছে তাঁর পথযাত্রা। কখনও হুডখোলা গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে দীর্ঘ তিন-চার ঘণ্টা ধরে এলাকার অলিতে-গলিতে পৌঁছে যাচ্ছেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে জনসংযোগ বাড়াতে বিন্দুমাত্র কসুর করছেন না বিদায়ী এই বিধায়ক।
৪২ নম্বর ওয়ার্ডে চমক
শনিবার সকালে প্রচারের সময় এক ভিন্নধর্মী দৃশ্য দেখা গেল হাওড়া পুরসভার অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডে। অরূপ রায়ের সমর্থনে এদিন এক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীরা নির্বাচনী প্রচারে সামিল হন। বাদ্যযন্ত্রের সঙ্গে নাচের ছন্দে পা মিলিয়ে শিল্পীরা গোটা এলাকা পরিক্রমা করেন। রাজনৈতিক মিছিলে সচরাচর স্লোগান এবং ঝান্ডা দেখা গেলেও, এই ধরণের সৃজনশীল ও সাংস্কৃতিক উপস্থাপনা মধ্য হাওড়ার ভোটারদের মধ্যে বিশেষ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
জনমনে প্রভাব
পথচলতি সাধারণ মানুষ ও এলাকার বাসিন্দারা দাঁড়িয়ে এই অভিনব প্রচার প্রত্যক্ষ করেন। রাজনৈতিক মহলের মতে, গতানুগতিক রাজনৈতিক মিটিং বা মিছিলে থেকে বেরিয়ে এসে ভোটারদের কাছে পৌঁছানোর এই 'অভিনব কায়দা' অরূপ রায়ের প্রচারকে অন্য মাত্রা দিয়েছে।
পুরনো কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় বেশ খোশমেজাজেই ধরা দিলেন তৃণমূল প্রার্থী। গ্রীষ্মের গরম উপেক্ষা করে এই প্রচারের ঝাঁজ আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
