সুসমা ম্যানশনে ভোগান্তি চরমে: ৫ তলায় রেশন অফিস, অকেজো লিফটে নাজেহাল সাধারণ মানুষ

সুসমা ম্যানশনে ভোগান্তি চরমে: ৫ তলায় রেশন অফিস, অকেজো লিফটে নাজেহাল সাধারণ মানুষ

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতি

2/22/20261 min read

সুসমা ম্যানশনে ভোগান্তি চরমে: ৫ তলায় রেশন অফিস, অকেজো লিফটে নাজেহাল সাধারণ মানুষ

হাওড়ার কালীবাবুর বাজার সংলগ্ন ৪৩ নম্বর নেতাজি সুভাষ রোডের পরিচিত ল্যান্ডমার্ক ‘সুসমা ম্যানশন’। এই বহুতল ভবনের নিচে একাধিক দোকান থাকলেও ওপরের তলাগুলিতে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ৫ তলায় অবস্থিত রেশন অফিস। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই ভবনের লিফট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

যন্তণা যখন ৫ তলার সিঁড়িতে

রেশন কার্ড সংশোধন বা রেশন সংক্রান্ত নানা কাজে প্রতিদিন অসংখ্য মানুষকে এই অফিসে আসতে হয়। লিফট বন্ধ থাকায় বয়স্ক মানুষ থেকে শুরু করে মহিলারা—সকলকেই বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে ৫ তলায় উঠতে হচ্ছে। অনেক সময় হাড়ভাঙা খাটুনি দিয়ে ওপরে ওঠার পর সংশ্লিষ্ট আধিকারিককে না পেয়ে বিফল মনোরথে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ উঠেছে, প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

কী বলছেন ডিলার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব?

বিষয়টি নিয়ে সরব হয়েছেন কলকাতা আরবান ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি তথা হাওড়া জেলা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কৃষ্ণচন্দ্র মাইতি। তিনি সরাসরি বাড়ি মালিকের গাফিলতিকে দায়ি করেছেন। কৃষ্ণবাবু জানান:

  • বাড়িটির মালিক লিফট চালু করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না।

  • লিফট চালককে সঠিক বেতন না দেওয়ায় তিনি কাজ ছেড়ে চলে গেছেন।

  • সাধারণ মানুষের স্বার্থে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ আবেদন জানানো হবে।

"সম্পূর্ণ অমানবিক": কড়া বার্তা মন্ত্রী অরূপ রায়ের

এই জনদুর্ভোগের কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অরূপ রায়। তিনি স্পষ্টভাবে জানান, বয়স্ক মানুষদের এভাবে ৫ তলায় সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা "সম্পূর্ণ অমানবিক"

তিনি আরও যোগ করেন, লিফটের দুরবস্থার কারণেই এর আগে বেশ কিছু সরকারি অফিস ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু ভবনটি ব্যক্তিগত মালিকানাধীন, তাই আইনি কিছু জটিলতা থাকে। তবে সরকার বা প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এলে তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা ও কার্যকর করার আশ্বাস দিয়েছেন তিনি।

নারায়ণ রতন দত্ত/হাওড়া