মধ্য হাওড়ায় সেয়ানে সেয়ানে লড়াই: হ্যাটট্রিক করা অরূপ রায়ের সামনে প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ
মধ্য হাওড়ায় সেয়ানে সেয়ানে লড়াই: হ্যাটট্রিক করা অরূপ রায়ের সামনে প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গভোট 26রাজনীতি


মধ্য হাওড়ায় সেয়ানে সেয়ানে লড়াই: হ্যাটট্রিক করা অরূপ রায়ের সামনে প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তপ্ত হাওড়ার রাজনৈতিক ময়দান। বিশেষ করে নজর কেড়েছে ১৭১ নম্বর মধ্য হাওড়া কেন্দ্রটি। এখানে লড়াই মূলত দ্বিফুট— একদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা এই কেন্দ্রের তিনবারের জয়ী বিধায়ক অরূপ রায়, আর অন্যদিকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, প্রাক্তন মেয়র পারিষদ ও আইনজীবী ইমতিয়াজ আহমেদ।
রাজনীতির লড়াইয়ে দুই ‘চেনা মুখ’
মধ্য হাওড়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১১ থেকে টানা তিনবার এখান থেকে জিতে মন্ত্রী হয়েছেন অরূপ রায়। তবে এবার তাঁর জয়রথ আটকাতে বামফ্রন্ট ভরসা রেখেছে হাওড়ারই ঘরের ছেলে ইমতিয়াজ আহমেদের ওপর। বেলিলিয়াস রোডের বাসিন্দা ইমতিয়াজ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক লড়াকু নাম। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং একজন শিক্ষিত ও বিনয়ী মানুষ হিসেবে এলাকায় তাঁর বিশেষ জনপ্রিয়তা রয়েছে।
২০০৩ সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে জয়ী হয়ে তিনি মেয়র পারিষদ (কনজারভেন্সি) হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর পাঁচ বছরের মেয়াদে হাওড়া শহরকে জঞ্জালমুক্ত করার নিরন্তর প্রচেষ্টা আজও অনেকের মনে আছে।
উন্নয়নের অভাব বনাম পরিবর্তনের ডাক
তৃণমূলের এই ‘গড়’ ভাঙতে ইমতিয়াজ আহমেদ হাতিয়ার করেছেন এলাকার পুঞ্জীভূত সমস্যাকে। হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়তে নেমেও তিনি বিচলিত নন। তাঁর সাফ কথা:
"মধ্য হাওড়ার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। গত ১৫ বছরে তৃণমূল সরকার এখানে নামমাত্র কাজ করেছে। নিকাশি ব্যবস্থা বেহাল, পরিশ্রুত পানীয় জলের আকাল এবং স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে।"
ইমতিয়াজের আরও অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে হাওড়া কর্পোরেশনে নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা লাটে উঠেছে। শহরের বিভিন্ন রাস্তা এখন ভ্যাটে পরিণত হয়েছে। তিনি মনে করেন, মানুষ আর মুখ বুজে সহ্য করবেন না। ভোট দেওয়ার সুযোগ পেলেই ব্যালট বাক্সে এই বঞ্চনার যোগ্য জবাব দেবেন মধ্য হাওড়াবাসী।
লড়াইয়ের মূল নির্যাস
তৃণমূলের বাজি: অরূপ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দলের সাংগঠনিক শক্তি।
বামফ্রন্টের হাতিয়ার: ইমতিয়াজ আহমেদের পরিচ্ছন্ন ভাবমূর্তি, পেশাদার পরিচিতি এবং পুরসভার কাজে তাঁর অতীত সাফল্য।
মধ্য হাওড়ার এই লড়াই কি অরূপ রায়ের হ্যাটট্রিক অক্ষুণ্ণ রাখবে, নাকি ইমতিয়াজের হাত ধরে বামেরা তাদের পুরনো জমি পুনরুদ্ধার করবে? উত্তর মিলবে ভোটবাক্স খোলার পর। তবে আপাতত প্রচারের পারদ চড়ছে গঙ্গার এপারের এই শিল্পশহরে।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
