তারকা প্রচারের ঝড়ে কাঁপছে বালি: ইমনের সুরে আর দেবের ম্যাজিকে ঘর গোছাচ্ছেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র

তারকা প্রচারের ঝড়ে কাঁপছে বালি: ইমনের সুরে আর দেবের ম্যাজিকে ঘর গোছাচ্ছেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতিভোট 26

4/9/20261 min read

তারকা প্রচারের ঝড়ে কাঁপছে বালি: ইমনের সুরে আর দেবের ম্যাজিকে ঘর গোছাচ্ছেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র

নিজস্ব প্রতিবেদন, বালি: "দোয়াত কলম কালি, এই তিন নিয়েই বালি"— প্রাচীন এই প্রবাদেই লুকিয়ে আছে বালির আভিজাত্য আর শিক্ষিত মননের পরিচয়। সেই ঐতিহ্যবাহী বালি বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে লড়াই জমে উঠেছে। আর এই লড়াইয়ে প্রচারের ময়দান মাতাতে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র পাশে পেয়েছেন টলিউড সুপারস্টার দেব এবং জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে

ঐতিহ্যের বালিতে উন্নয়নের লড়াই

গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠের পুণ্যভূমি এই বালি। প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ভোটারের এই বর্ধিষ্ণু এলাকায় রাজনৈতিক সচেতনতা প্রবাদপ্রতিম। এই কেন্দ্র থেকেই ঘাসফুল শিবিরের বাজি দীর্ঘদিনের অভিজ্ঞ কাউন্সিলর কৈলাস মিশ্র। কাউন্সিলর থাকাকালীন মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন, এবার তাকেই বিধানসভার বৈতরণী পার করার হাতিয়ার করতে চান তিনি।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৈলাস। তাঁর কথায়:

"রাজনীতির প্রতিটি ধাপ আমি মানুষের পাশে থেকে পেরিয়েছি। দল যে কাজের স্বীকৃতি দিয়ে আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছে, তার মর্যাদা আমি রাখবই। বালিকে একটি 'মডেল বিধানসভা' হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।"

মন্দিরে পুজো দিয়ে ইমনের সঙ্গে প্রচার

গত সোমবার দুপুরে জাঁকজমকপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর, সন্ধেয় সরাসরি জনসংযোগে নেমে পড়েন কৈলাস মিশ্র। প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট প্রবীর রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রথমে ঐতিহ্যবাহী কল্যাণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। এরপরই শুরু হয় প্রচারের আসল চমক। প্রার্থীর সমর্থনে রাজপথে নামেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। ইমনের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

দেব-এর ম্যাজিকে সরগরম রাজপথ

ইমনের আগে, বালির অলিতে-গলিতে ঝড় তুলে গিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। প্রিয় তারকাকে চোখের দেখা দেখতে এবং প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তারকা প্রচারকদের এই উপস্থিতি বালির নির্বাচনী লড়াইয়ে তৃণমূলকে অনেকটা মাইলেজ দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রস্তুতি তুঙ্গে, লক্ষ্য উন্নয়ন

কাউন্সিলর থেকে বিধায়ক হওয়ার লড়াইয়ে কৈলাস মিশ্র আত্মবিশ্বাসী। নির্বাচনী প্রচারে যে বিপুল সাড়া মিলছে, তাতে তিনি অভিভূত। নির্বাচনে জিতলে এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করার অঙ্গীকার করেছেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে, বালি বিধানসভা কেন্দ্রে ততই প্রচারের পারদ চড়াচ্ছেন এই তৃণমূল প্রার্থী।

নারায়ণ রতন দত্ত/হাওড়া