হাওড়ার সালকিয়ায় বড়ো শীতলা মায়ের স্নানযাত্রায় লাখো মানুষের ঢল
হাওড়ার সালকিয়ায় বড়ো শীতলা মায়ের স্নানযাত্রায় লাখো মানুষের ঢল
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গ


হাওড়ার সালকিয়ায় বড়ো শীতলা মায়ের স্নানযাত্রায় লাখো মানুষের ঢল
মাঘী পূর্ণিমায় বিশ্বাস ও ভক্তির মিলনমেলায় উত্তর হাওড়া জুড়ে জনপ্লাবন
হাওড়া:
“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”—এই আপ্তবাক্যের বাস্তব প্রমাণ মিলল মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে হাওড়ার সালকিয়ায়। শতাব্দীপ্রাচীন বড়ো শীতলা মায়ের স্নানযাত্রা ও বিশেষ পুজোকে কেন্দ্র করে রবিবার ভোর থেকেই উত্তর হাওড়া জুড়ে নেমে আসে লাখো মানুষের ঢল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভক্তদের অংশগ্রহণে গোটা এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনক্ষেত্রে।
প্রতি বছর মাঘী পূর্ণিমার পুন্যলগ্নে সালকিয়ার বড়ো শীতলা মায়ের বাৎসরিক স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় থাকেন হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্তরা এসে ভিড় জমান সালকিয়া বড়ো মা’র মন্দির সংলগ্ন এলাকায়। দেবীর দর্শন ও আশীর্বাদ পেতে উপচে পড়ে জনসমুদ্র।
উত্তর হাওড়ার সালকিয়ায় অবস্থিত শতাব্দীপ্রাচীন বড়ো শীতলা মায়ের মন্দিরে সারা বছর নিত্যপুজো চললেও, মাঘী পূর্ণিমার দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। এই দিন দেবীকে স্নানযাত্রা উপলক্ষে মন্দিরের বাইরে আনা হয়। জাগ্রত বিগ্রহ দর্শনের জন্য লাখো ভক্তের সমাগমে গোটা সালকিয়া এলাকা কার্যত জনপ্লাবনে পরিণত হয়।
স্নানযাত্রা উপলক্ষে মন্দিরের বিপরীতে একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়। সেখানে উপস্থিত বিশিষ্টজনেরা দেবীর মাহাত্ম্য ব্যাখ্যা করেন এবং ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। অন্যান্য বছরের মতো এবছরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন মেয়র পারিষদ ও বর্তমানে মোহনবাগান ক্লাবের হকি দলের সচিব শ্যামল মিত্র, বিশিষ্ট সমাজকর্মী রাধারাণী দত্ত-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
লাখো মানুষের জমায়েতকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত পুলিশ বাহিনী, স্বেচ্ছাসেবক ও নজরদারির ব্যবস্থায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় স্নানযাত্রা ও বিশেষ পুজো।
সব মিলিয়ে মাঘী পূর্ণিমায় সালকিয়ার বড়ো শীতলা মায়ের স্নানযাত্রাকে ঘিরে উৎসবের আবহে মেতে ওঠে গোটা উত্তর হাওড়া—ভক্তি, বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠল এই অনুষ্ঠান।
নারায়ণ রতন দত্ত/হাওড়া
