হাওড়ায় অন্নপূর্ণা পুজোয় উৎসবের মেজাজ: বুড়ো বটতলায় হাজার হাজার মানুষের পাত পেড়ে ভোগ গ্রহণ

হাওড়ায় অন্নপূর্ণা পুজোয় উৎসবের মেজাজ: বুড়ো বটতলায় হাজার হাজার মানুষের পাত পেড়ে ভোগ গ্রহণ

ট্রেন্ডিংপশ্চিমবঙ্গ

3/28/20261 min read

হাওড়ায় অন্নপূর্ণা পুজোয় উৎসবের মেজাজ: বুড়ো বটতলায় হাজার হাজার মানুষের পাত পেড়ে ভোগ গ্রহণ

বাসন্তী পুজোর রেশ কাটতে না কাটতেই এবার মা অন্নপূর্ণার আরাধনায় মেতে উঠল তিলোত্তমার পড়শি শহর হাওড়া। প্রতি বছরের মতো এবারও হাওড়ার নরসিংহ দত্ত রোডে, যোগমায়া সিনেমার বিপরীতে "বুড়ো বটতলা অন্নপূর্ণা পুজো কমিটি"-র উদ্যোগে শুরু হয়েছে এই পুজো। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য, বরো চেয়ারম্যান দেবাংশু দাস, প্রাক্তন কাউন্সিলর তথা আইনজীবী ব্রতেন দাস। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্ত্তী, হাইকোর্টের আইনজীবী দেবলীনা ঘোষ চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি এবং সমাজসেবী শুভাশীষ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মায়ের ভোগ বিতরণে অনন্য নজির

বুড়ো বটতলা অন্নপূর্ণা পুজোর প্রধান আকর্ষণ হলো তাদের বিশাল মাপের ভোগ বিতরণ কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • শুধুমাত্র একদিন নয়, টানা তিনদিন ধরে চলে এই অন্নকূট ও ভোগ বিতরণ।

  • পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের হাতে তুলে দেওয়া হয় মায়ের প্রসাদ।

  • যাঁরা প্যান্ডেলে বসে খেতে পারছেন না, তাঁদের জন্য পার্সেলের মাধ্যমেও ভোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রীর কণ্ঠে প্রশংসা

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ রায় এই পুজোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "এত মানুষের মুখে প্রসাদ তুলে দেওয়ার এই যে কর্মযজ্ঞ, তা সত্যিই প্রশংসনীয়। ভক্তি আর সেবার এমন মেলবন্ধন খুব কম জায়গায় দেখা যায়।" বক্তব্য শেষে মন্ত্রী নিজে হাতে বেশ কিছু ভক্তের হাতে প্রসাদ ও ভোগ তুলে দেন।

উদ্যোক্তাদের তৎপরতা

এই পুজোর নেপথ্যে প্রধান কারিগর হিসেবে কাজ করছেন সুখেন হাজরা (ভূটান), সনৎ বোধক, অনুপম দত্ত, সুব্রত টাট, দিলীপ দত্ত, বিবেকানন্দ ভট্টাচার্য, দেবাশীষ মিত্র সহ অন্যান্য সদস্যরা। পল্লীবাসীদের কাছে এই কটা দিন মানেই এক বিশাল পুনর্মিলন উৎসব। আট থেকে আশি—সকলেরই সারা বছরের অপেক্ষা সার্থক হয় এই অন্নপূর্ণা পুজোকে কেন্দ্র করে।

নারায়ণ রতন দত্ত/হাওড়া